সেনেগালের শিরোপা বাতিল, আফ্রিকান কাপ অব নেশনস চ্যাম্পিয়ন ঘোষিত মরক্কো – DesheBideshe

সেনেগালের শিরোপা বাতিল, আফ্রিকান কাপ অব নেশনস চ্যাম্পিয়ন ঘোষিত মরক্কো – DesheBideshe

সেনেগালের শিরোপা বাতিল, আফ্রিকান কাপ অব নেশনস চ্যাম্পিয়ন ঘোষিত মরক্কো – DesheBideshe

রাবাত, ১৮ মার্চ – ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালের ফলাফল বাতিল করে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল বা কাফ। গত ১৮ জানুয়ারি রাবাতে অনুষ্ঠিত ফাইনালে মরক্কোকে ১ শূন্য গোলে হারিয়েছিল সেনেগাল।

তবে ম্যাচের শেষ দিকে রেফারির একটি পেনাল্টি সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের অধিকাংশ খেলোয়াড় সাময়িকভাবে মাঠ ছেড়ে বেরিয়ে যান। এই বিতর্কিত ঘটনার জের ধরে সেনেগালের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া হয়েছে। মূল ম্যাচে গোলশূন্য অবস্থায় যোগ করা সময়ে স্বাগতিক মরক্কোকে পেনাল্টি দেওয়া হলে প্রতিবাদস্বরূপ খেলতে অস্বীকৃতি জানান সেনেগালের খেলোয়াড়রা। প্রায় ১৭ মিনিট পর তারা পুনরায় মাঠে ফেরেন।

এরপর মরক্কোর ব্রাহিম দিয়াজের নেওয়া পেনাল্টি শট আটকে দেন সেনেগালের গোলরক্ষক। পরবর্তীতে অতিরিক্ত সময়ে পাপে গেইয়ের করা গোলে জয় নিশ্চিত করে সেনেগাল। কিন্তু এই ফলাফল বাতিল করে কাফ এক বিবৃতিতে জানিয়েছে, সেনেগালকে ফাইনাল ম্যাচ পরিত্যাগকারী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং ম্যাচের ফলাফল ৩ শূন্য ব্যবধানে মরক্কোর পক্ষে নথিভুক্ত করা হয়েছে। মরক্কোর ফুটবল ফেডারেশনের করা একটি আপিলের প্রেক্ষিতে কাফ এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সংস্থাটি জানিয়েছে, আপিলটি প্রক্রিয়াগতভাবে গ্রহণযোগ্য ছিল এবং তা বহাল রাখা হয়েছে।

আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ওই বিবৃতিতে আরও বলা হয়, দলীয় আচরণের মাধ্যমে সেনেগাল আফ্রিকান কাপ অব নেশনস প্রতিযোগিতার বিধিমালার ৮২ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এর ফলে ৮৪ নম্বর অনুচ্ছেদ কার্যকর করা হয়েছে। ৮২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো দল যদি খেলতে অস্বীকৃতি জানায় অথবা রেফারির অনুমতি ছাড়া নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মাঠ ত্যাগ করে, তবে ওই দলকে পরাজিত হিসেবে বিবেচনা করা হবে এবং প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হবে।

৮৪ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ৮২ নম্বর অনুচ্ছেদ ভঙ্গ করলে সংশ্লিষ্ট দল স্থায়ীভাবে প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হবে এবং ম্যাচটি ৩ শূন্য ব্যবধানে হেরেছে বলে গণ্য হবে। মরক্কোর ফুটবল ফেডারেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ফাইনালের ফলাফলের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্তটি কোনোভাবেই দুই দলের ক্রীড়া নৈপুণ্যকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়নি। বরং প্রতিযোগিতার বিধিমালা সঠিকভাবে প্রয়োগ করার অনুরোধ হিসেবেই এটি করা হয়েছে।

তারা আরও জানায়, এই পদক্ষেপ ফেডারেশনের নিয়মের প্রতি শ্রদ্ধা, প্রতিযোগিতার কাঠামোয় স্বচ্ছতা নিশ্চিত করা এবং আফ্রিকান প্রতিযোগিতাগুলোর স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতির অংশ। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, কাফের শৃঙ্খলা বোর্ড প্রাথমিকভাবে মরক্কোর প্রতিবাদ খারিজ করে দিয়েছিল।

কিন্তু পরবর্তীতে আপিল বোর্ড তাদের পক্ষে রায় প্রদান করে এবং মঙ্গলবার রাতে সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। অন্যদিকে সেনেগাল জানিয়েছে, তারা পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রীড়া আদালতে উপস্থাপন করবে এবং কাফের এই সিদ্ধান্ত বাতিলের জন্য আইনি লড়াই চালিয়ে যাবে।

এ এম/ ১৮ মার্চ ২০২৬



Explore More Districts