সুরমার ভাঙনে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষ

সুরমার ভাঙনে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষ

সুরমার ভাঙনে আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপারের মানুষ

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করেছে নদীভাঙন। ভাঙনের কারণে নদীপাড়ের কয়েকটি গ্রাম ও গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এর ফলে দ্রুতগতিতে নদীভাঙন শুরু হয়েছে। ইতো মধ্যে গাছপালা, ফসলি জমির বিস্তীর্ণ অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯০৫ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে নদীভাঙনের একেবারে কাছাকাছি অবস্থান করছে।

স্থানীয়দের দুধরচক, শিবেরচক, হরাইচক ও সুরানন্দপুর চারটি গ্রামের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে।

নদীভাঙন অব্যাহত থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

মানিকপুর ইউনিয়নের সাবেক সদস্য মাশুক আহমদ, সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সুহেল আহমেদ, পর্তুগাল প্রবাসী জুবায়ের আহমদ,স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল, মাহতাব উদ্দিন, কালাম উদ্দিন, আপ্তাব উদ্দিন, তাজেল আহমেদ ও অলিউর রহমান জানান, গত কয়েক বছরে তারা অন্তত তিন বার নদীভাঙনের শিকার হয়েছেন। বসতবাড়ি, ফসলি জমিসহ সহায়-সম্বল নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবার ভাঙন অব্যাহত থাকলে অনেক পরিবারের ঘরবাড়ি স্থানান্তরের মতো জায়গাও অবশিষ্ট থাকবে না।

তারা বলেন, নদীভাঙনের কারণে পাঁচ থেকে সাতটি গ্রামের সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাও হুমকির মুখে পড়েছে। নদীভাঙনের ভয়াবহতা নিজের চোখে না দেখলে এর কষ্ট বোঝা সম্ভব নয়।

এলাকাবাসীর অভিযোগ, এখন পর্যন্ত সরকারি বা বেসরকারিভাবে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা ত্রাণ নয়, নদীভাঙন রোধে দ্রুত ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ প্রসঙ্গে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নবাগত (ইউএনও) সুজিত কুমার চন্দ জানান তিনি জকিগঞ্জে নতুন জয়েন করেছেন। তিনি এ বিষয়ে অবগত নয়। তিনি শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

ডিএস/এফআর/এসএ

Explore More Districts