অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনী প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করেন তারা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে আটক করা হয়।
জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে বলে জানায় কোস্টগার্ড।
এদিকে জব্দকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

