| ১৮ March ২০২৫ Tuesday ১২:২৯:৫২ PM | |
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠিতে লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি নৌকা ডুবে রায়হান মল্লিক নামের ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ রায়হান ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। আজ মঙ্গলবার জেলার নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন সুগন্ধা নদীতে এ নৌকাডুবি হয়।
এ ঘটনায় নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন সাব অফিসার মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, গৌড়িপাশা এলাকা সংলগ্ন সুগন্ধা নদীতে আজ সকাল ৬টায় মাছ ধরা নৌকার সাথে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চের সংঘর্ষে নৌকাটি দুই ভাগ হয়ে ডুবে যায়। দুর্ঘটনার পর থেকেই নৌকায় থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ১০ বছর বয়সী ছেলে রায়হান নিখোঁজ রয়েছে।
প্রতিবেশী বিপ্লব হাওলাদার নামের এক জেলের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়েছিল রায়হান। জাল ফেলার পরে নদীতে অপেক্ষমান থাকা অবস্থায় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। লঞ্চের ধাক্কায় নৌকাটি সেখানেই ডুবে গেলে জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও রায়হানকে খুঁজে পাওয়া যায় না। রায়হান স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পরিবার।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সালাম জানান, শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদরের একটি ডুবুরি ইউনিট নিখোঁজের সন্ধানে কাজ করছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
