বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সার উৎপাদন বৃদ্ধির স্বার্থে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)সহ রাষ্ট্রায়ত্ত সার কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সিইউএফএলের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘদিনের যান্ত্রিক ত্রুটি নিরসনে দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
গতকাল সোমবার চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অধিকাংশ সার কারখানা গ্যাস ও বিদ্যুৎ সংকট, যান্ত্রিক ত্রুটি এবং পুরোনো প্রযুক্তির কারণে সারা বছর চালু রাখা সম্ভব হয় না। বর্তমানে গ্যাস সরবরাহের ক্ষেত্রে সরকারের প্রথম অগ্রাধিকার বিদ্যুৎ উৎপাদন, দ্বিতীয় অগ্রাধিকার শিল্প খাত এবং তৃতীয় অগ্রাধিকার সার কারখানা। তবে কৃষি উৎপাদন নিশ্চিত করতে সার কারখানাগুলোর জন্য নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রায় ৪০ বছর আগে প্রতিষ্ঠিত সিইউএফএল এখন আর প্রতিষ্ঠাকালীন উৎপাদন সক্ষমতা ধরে রাখতে পারছে না। পুরোনো প্রযুক্তি ও মেয়াদোত্তীর্ণ যন্ত্রপাতির কারণে কারখানাটি অধিক গ্যাস ব্যবহার করলেও উৎপাদন তুলনামূলক কম হচ্ছে। ফলে উৎপাদন ব্যয়ও বেড়ে যাচ্ছে।
শিল্পমন্ত্রী জানান, সিইউএফএলের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনতে কী ধরনের প্রযুক্তিগত ও অবকাঠামোগত পরিবর্তন প্রয়োজন, তা নির্ধারণের জন্য দেশি–বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম কারখানা পরিদর্শন করছে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পরিদর্শনের শুরুতে মন্ত্রী কারখানা প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। শেষে তিনি ডিএপি সার কারখানাও পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম–১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, শিল্প সচিব ওবায়দুর রহমান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান ফজলুর রহমান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, কাফকোর চিফ করপোরেট অফিসার খাজা সাইদুর রহমান, ডিএপি কারখানার ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হকসহ বিসিআইসি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের সদস্যরা।
সিইউএফএল সূত্রে জানা যায়, কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও যান্ত্রিক ত্রুটি নিরসনে নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যামিকার্বন কাজ করবে। ইতালীয় শিল্পগোষ্ঠী মায়ারের মালিকানাধীন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ইউরিয়া, অ্যামোনিয়া ও নাইট্রোজেনভিত্তিক সার শিল্পে প্রযুক্তি, ডিজাইন এবং লাইসেন্সিং সেবা দিয়ে থাকে। বিশ্বে উৎপাদিত প্রায় অর্ধেক ইউরিয়া সার স্ট্যামিকার্বনের প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রতিষ্ঠানটি পুরোনো সার কারখানার আধুনিকায়ন, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য পানি পরিশোধন এবং ডিইএফ উৎপাদন প্রযুক্তি সরবরাহেও আন্তর্জাতিকভাবে সুপরিচিত।


