বিশ্ববিদ্যালয় প্রতিবেদক/
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদ সাজিদ আব্দুল্লাহর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান আজহারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. এ. এয়াকুব আলী, অধ্যাপক ড. আলীনূর রহমান, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন ঘটনার পর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে আসছে।
বিভিন্ন সময়ে শান্তিপূর্ণ কর্মসূচি, মানববন্ধন ও প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে এখনো এই হত্যাকাণ্ডের কাঙ্ক্ষিত বিচার নিশ্চিত হয়নি। বিচারহীনতার এই সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করছে বলে এই ছাত্রনেতা মনে করেন।
উল্লেখ্য, গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে পানিতে ডুবে মৃত্যু হিসেবে ধারণা করা হলেও পরবর্তী ফরেনসিক প্রতিবেদনে তাঁর শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে। এরপর থেকেই হত্যাকাণ্ডের বিচার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।



