আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান ও ভারতের দুটি যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার দুই দেশই একে অপরের শীর্ষ কূটনীতিককে তলব করেছে। গত বছরের চার দিনের সামরিক সংঘাতের পর পরমাণু শক্তিধর প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এটিই প্রথম প্রকাশ্যে আসা নতুন উত্তেজনা।
গত মঙ্গলবার উত্তর আরব সাগরে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার জন্য দেশ দুটি একে অপরকে দায়ী করছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি নৌজাহাজের ‘অনভিপ্রেত ও পেশাদারিত্বহীন আচরণের’ কারণে এই সংঘর্ষ ঘটেছে। এ কারণে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের জ্যেষ্ঠ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
