সখীপুরে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – News Tangail | নিউজ টাঙ্গাইল

সখীপুরে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার – News Tangail | নিউজ টাঙ্গাইল

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ঘরের ভেতর থেকে শাকিল (২০) নামে এক রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) দুপুরে উপজেলার দেবরাজ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল দিনাজপুর জেলার খানসামা উপজেলার আংগারপাড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে শাকিল রডমিস্ত্রীর কাজ করতে সখীপুরে আসেন। দেবরাজ গ্রামের একটি বাড়িতে অন্য শ্রমিকদের সঙ্গে ভাড়া থাকতেন তিনি।

ফোরম্যান রাজীব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শাকিল ঘরের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে দেড়টার দিকে অন্যান্য শ্রমিকরা খাবার খেতে এসে ঘরের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

তিনি আরও জানান, কাজে আসার পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে শাকিল ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

স্থানীয় ব্যবসায়ী মতিউর রহমান বকুল বলেন, শ্রমিকরা কিছুদিন ধরে তার একটি ঘরে ভাড়া থাকছিলেন। দুপুরে খবর পেয়ে এসে ঘটনাটি দেখতে পান তিনি।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts