সংসদ সদস্যের নির্দেশে মেঘনা নদীতে ফেরিটি ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে আনা হয়। এরপর হান্নান মাসউদ তাঁর নেতা–কর্মীদের নিয়ে ফেরিতে উঠলে ফেরিটি দ্বিতীয়বারের মতো নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, এমনিতে বৈরী আবহাওয়ার কারণে আতঙ্কের মধ্যে নদী পার হচ্ছিলেন। তার ওপর ঘাট থেকে ছাড়ার অনেকক্ষণ পর হঠাৎ দেখতে পান ফেরি উল্টো ঘুরছে। ঘাটে এসে দেখেন এমপিকে তোলার জন্য ফেরিটি ফিরিয়ে আনা হয়েছে। একজন জনপ্রতিনিধির জন্য জনগণকে কষ্ট দিয়ে এভাবে ফেরি ফিরিয়ে আনা কোনোভাবেই উচিত হয়নি। এটা একধরনের ক্ষমতার দাপট দেখানো হয়েছে।
ঘাট ইজারাদারের প্রতিনিধি মো. জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ফেরি ছাড়ার সময় নিয়ে কিছুটা বিভ্রান্তি ছিল। তবে বেলা সাড়ে তিনটায় ফেরিটি ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর এমপি হান্নান মাসউদকে নেওয়ার জন্য সেটি আবার ঘাটে ফিরিয়ে আনা হয়। হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হওয়ার পর এ ধরনের ঘটনা এটি প্রথম। এ নিয়ে যাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
