চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য ও সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে এ ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত দেলোয়ার হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর ঘাড়ের পেছনে গুরুতর জখম হয়েছে বলে জানিয়েছেন সহকর্মীরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও দেলোয়ার হোসেনের সহকর্মী মো. জুলফিকার বলেন, ‘দুর্বৃত্তরা হঠাৎ করে তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। তাঁর ঘাড়ের পেছনে বেশি জখম হয়েছে। আমি তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাচ্ছি। তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ।’
দক্ষিণ জেলা এনসিপির সদস্যসচিব জোবাইরুল আলম মানিক অভিযোগ করে বলেন, চাতুরী চৌমুহনী বাজারে ব্যবসায়ীদের কিছু বিষয় নিয়ে সকাল থেকে উত্তেজনা চলছিল। সন্ধ্যার পর বিএনপির কিছু লোক কোনো কারণ ছাড়াই দেলোয়ার হোসেনের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘এনসিপি নেতার ওপর হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
ঘটনার পর চাতুরী চৌমুহনী বাজার ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

