সংসদ প্রাঙ্গণে সমাহিত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার – DesheBideshe

সংসদ প্রাঙ্গণে সমাহিত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার – DesheBideshe



সংসদ প্রাঙ্গণে সমাহিত হলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার – DesheBideshe

ঢাকা, ১২ জুলাই – প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে সংসদ ভবন প্রাঙ্গণের দক্ষিণ পশ্চিম অংশে দাফন করা হয়েছে। রোববার বাদ আসর সংসদ ভবনের টানেলে পাঁচবারের এই সংসদ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রয়াত এই নেতার কফিনে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ শ্রদ্ধা নিবেদন করেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে টানেলে জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জমির উদ্দিন সরকারের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান। ডেপুটি স্পিকার কায়সার কামাল ও প্রধান হুইপ নুরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও শ্রদ্ধা নিবেদন করেন।

জানাজার শুরুতে জমির উদ্দিন সরকারের সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জমির উদ্দিন সরকার ছিলেন দেশের এক কৃতি সন্তান। তার মৃত্যুতে জাতীয় সংসদ গভীরভাবে শোকাহত। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সজ্জন এবং সাধারণ মানুষের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সংসদ ভবনের যে অংশে বিশিষ্ট ব্যক্তিদের সমাধি রয়েছে, সেখানেই তাকে সমাহিত করা হয়েছে।

রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তিনি মারা যান। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলায় জন্ম গ্রহণ করেন। আইন পেশার পাশাপাশি ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

এছাড়াও ২০০২ সালে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে তিনি বিভিন্ন সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। আমৃত্যু তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

এনএন/ ১২ জুলাই ২০২৬



Explore More Districts