শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট ও ত্রুটির ঘটনায় ভারত সরকারের কাছে জাকারবার্গের ক্ষমা প্রার্থনা – DesheBideshe

শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট ও ত্রুটির ঘটনায় ভারত সরকারের কাছে জাকারবার্গের ক্ষমা প্রার্থনা – DesheBideshe



শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট ও ত্রুটির ঘটনায় ভারত সরকারের কাছে জাকারবার্গের ক্ষমা প্রার্থনা – DesheBideshe

নয়াদিল্লি, ৫ আগস্ট – সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট প্রচার এবং বিভিন্ন পরিচালনাগত ত্রুটির কারণে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

ভারতের বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে মেটা নির্বাহীদের একটি বৈঠকে জাকারবার্গের এই ক্ষমা প্রার্থনার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, প্ল্যাটফর্মে বেআইনি শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভ্রান্তিকর ডিপফেইক ভিডিওর পাশাপাশি মেটার প্রশাসনিক ও প্রযুক্তিগত বিভিন্ন ত্রুটির বিষয়ে জাকারবার্গ দুঃখ প্রকাশ করেছেন।

ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ওই বৈঠকের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মেটা কর্মকর্তারা স্বীকার করেছেন যে বিশেষ কিছু ধরনের বিতর্কিত কনটেন্ট বুস্ট করার জন্য বড় অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। মেটা তাদের ভুল স্বীকার করে জানিয়েছে যে প্ল্যাটফর্মে অনেক বেআইনি কনটেন্ট প্রচার বা প্রমোট করা হয়েছিল।

এ বিষয়ে আরও জিজ্ঞাসাবাদের জন্য মেটা কর্মকর্তাদের পুনরায় তলব করা হতে পারে বলে জানা গেছে। তবে রয়টার্সের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলেও ফেইসবুক ও ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা কোনো মন্তব্য করেনি।

এর আগে জুলাই মাসে ইনস্টাগ্রামে শিশু যৌন নিপীড়নমূলক বিজ্ঞাপনের উপস্থিতি নিয়ে কঠোর পদক্ষেপ নেয় ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। সে সময় মেটাকে এ ধরনের কনটেন্ট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

এছাড়া গত মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে ফেলার ঘটনায় পরিচালনাগত ভুলের কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছিল মেটা।

সম্প্রতি ভারত সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য তাদের আইন আরও কঠোর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকার বা আদালতের নির্দেশিত বেআইনি কনটেন্ট ৩ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম আইনি সুরক্ষার অধিকার হারাতে পারে।

এনএন/ ৫ আগস্ট ২০২৬



Explore More Districts