| ১ May ২০২৬ Friday ৯:০০:৪৬ PM | |
মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তিন শিশুকে প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে এক বৃদ্ধকে ঝাড়ু দিয়ে পেটানোর ঘটনা ঘটেছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ১০ নম্বর আলীমাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরমহিষা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের দুলাল জমদ্দার (৭০)। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তিনি বিভিন্ন সময় শিশুদের অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবারের সদস্যরা তাকে ধরে ঝাড়ুপেটা করেন।
এদিকে এ ঘটনার ৫৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী বৃদ্ধের শার্টের কলার ধরে রেখেছেন এবং অপর দুই নারী তাকে ঝাড়ু দিয়ে মারধর করছেন। এ সময় আশপাশে নারী, পুরুষ ও শিশুসহ অনেকেই ঘটনাটি প্রত্যক্ষ করেন।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য মো. নুরউদ্দিন বলেন, ‘শিশুদের প্রলোভন দেখিয়ে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ পরিবার দুলাল জমদ্দারকে ধরে মারধর করে।’
তবে অভিযুক্ত দুলাল জমদ্দার অভিযোগ অস্বীকার করে বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষরা তাকে হেনস্তা করার জন্য মিথ্যা অভিযোগ এনে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, ‘শিশুদের অনৈতিক প্রস্তাবের অভিযোগে দুলাল জমদ্দারকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে।তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা হচ্ছে। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
