শায়েস্তাগঞ্জ–অলিপুর সড়কে সিএনজি ভাড়া নিয়ে বিতর্ক, সমিতির দাবি ‘ভাড়া এখনো ২০ টাকা’ – Habiganj News

শায়েস্তাগঞ্জ–অলিপুর সড়কে সিএনজি ভাড়া নিয়ে বিতর্ক, সমিতির দাবি ‘ভাড়া এখনো ২০ টাকা’ – Habiganj News

শায়েস্তাগঞ্জ–অলিপুর সড়কে সিএনজি অটোরিকশার ভাড়া জনপ্রতি ২০ টাকা থেকে ৩০ টাকা করা হয়েছে—এমন অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, আগে যেখানে জনপ্রতি ২০ টাকা ভাড়া নেওয়া হতো, সেখানে এখন ৩০ টাকা আদায় করা হচ্ছে। এতে সাধারণ যাত্রী, বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক নাগরিক দাবি করেছেন, অলিপুর থেকে শায়েস্তাগঞ্জের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। অথচ এই স্বল্প দূরত্বের জন্য ৩০ টাকা ভাড়া আদায় করা হলে তা অযৌক্তিক। তাদের ভাষ্য, শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রুটে যেখানে ভাড়া ৩০ টাকা, সেখানে মাত্র ৫ কিলোমিটারের জন্য একই ভাড়া গ্রহণযোগ্য নয়। তারা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং সিএনজি সমিতির সভাপতি জাহিদ আহমেদ সোহেল বলেন, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুর পর্যন্ত জনপ্রতি নির্ধারিত ভাড়া এখনো ২০ টাকা এবং এ ভাড়াই কার্যকর রয়েছে। তিনি জানান, রাত ১০টার পর কোনো যাত্রী একা গেলে বিশেষ ক্ষেত্রে ৩০ টাকা ভাড়া নেওয়া হতে পারে। তবে রাত ১০টার আগে কোনো চালক যদি ২০ টাকার পরিবর্তে ৩০ টাকা আদায় করেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে সমিতির পক্ষ থেকে সাময়িক বহিষ্কার (সাসপেন্ড)সহ প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অলিপুর সিএনজি সমিতির সভাপতি মো. নাছির উদ্দিনও জানান, অলিপুর–শায়েস্তাগঞ্জ রুটে জনপ্রতি নির্ধারিত ভাড়া ২০ টাকাই রয়েছে। কোনো চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে এবং তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে সমিতি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে তিনি বলেন, দীর্ঘ যানজটের কারণে কোনো কোনো সময় যাত্রীদের সম্মতিতে অতিরিক্ত ৫ থেকে ১০ টাকা নেওয়া হয়ে থাকে।

দুই সমিতির সভাপতিই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলে যাত্রীদের সুনির্দিষ্ট প্রমাণসহ সংশ্লিষ্ট সমিতির কাছে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে, ভাড়া সংক্রান্ত বিভ্রান্তি ও যাত্রীদের অভিযোগের বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ না থাকে এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি দূর হয়।

Explore More Districts