লেডি গাগা সারোগেসির মাধ্যমে প্রথম সন্তানের মা হয়েছেন – DesheBideshe



লেডি গাগা

লন্ডন, ২০ সেপ্টেম্বর- সুর আর নাচের মেলবন্ধনে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বিশ্বখ্যাত পপতারকা লেডি গাগার জীবনে এখন আনন্দের সময়। মাতৃত্বের আনন্দে ভাসছেন তিনি। বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন লেডি গাগা। কয়েক দিন আগে পেজ সিক্স এ খবর প্রকাশ করে। তবে এই তারকার সন্তানকে নিয়ে কয়েকটি তথ্য তখনও অজানা ছিল।

বিনোদনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিএমজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ বছর বয়সী এই পপ তারকার গর্ভে সন্তান আসেনি। সারোগেসির মাধ্যমে নিজেদের প্রথম সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন গাগা ও মাইকেল পোলানস্কি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে গত ৯ জুন রাত ১১টা ১৯ মিনিটে (পিটি) এই নবজাতকের জন্ম হয়। দম্পতি তাদের কন্যার আইনি নাম রেখেছেন ‘রোজ বিন পোলানস্কি’। এর আগে প্রকাশিত প্রতিবেদনগুলোতেও সন্তানের নাম জানানো হয়নি।

হঠাৎ সারোগেসির পথ কেন বেছে নিলেন পপ তারকা, তা নিয়ে অনুরাগীদের মধ্যে নানা কৌতূহল থাকলেও গাগার দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা অনেকেরই জানা। তিনি দীর্ঘদিন ধরে ‘ফাইব্রোমায়ালজিয়া’ নামের একটি জটিল রোগে ভুগছেন, যার কারণে পুরো শরীরে তীব্র ব্যথা ও চরম ক্লান্তি দেখা দিতে পারে। ২০১৭ সালে মুক্তি পাওয়া নিজের নেটফ্লিক্স ডকু-সিরিজ ‘গাগা: ফাইভ ফুট টু’-তে নিজের এই কঠিন লড়াইয়ের কথা খোলাখুলিভাবে জানিয়েছিলেন তিনি।

তবে সব শারীরিক কষ্ট পেছনে ফেলে এখন নবজাতককে নিয়ে জীবনের বিশেষ সময় কাটাচ্ছেন এই পপতারকা। ২০২৪ সালে বাগদান সম্পন্ন করা এই তারকা জুটি সম্প্রতি বিনোদন জগতের ব্যস্ততা থেকে কিছুটা দূরে ছিলেন। ছোট্ট রোজের সঙ্গে মানসিকভাবে একাত্ম হওয়ার জন্য তারা পর্যাপ্ত সময় কাটাতে চেয়েছিলেন।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের রাস্তায় বাগদত্তা মাইকেল পোলানস্কির সঙ্গে কন্যা রোজকে কাপড়ে মুড়িয়ে কোলে নিয়ে হাঁটতে দেখা যায় গাগাকে। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। তখন অনেকেই ধরে নেন, নিজের সন্তানকে কোলে নিয়েই হাঁটছেন এই পপতারকা।

এস এম/ ২০ সেপ্টেম্বর ২০২৬

 

Explore More Districts