প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ৫৫তম চ্যালেঞ্জিং বাজেট উপস্থাপনের জন্য ধন্যবাদ জানিয়েছেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর গণমাধ্যমে পাঠানো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ ধন্যবাদ জানান।
খলিলুর রহমান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব আহরণের জন্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তা যথাযথভাবে অর্জন করতে হলে সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ জরুরি বলে আমি মনে করি। তিনি বলেন, শিল্পায়ন সুরক্ষা ও সমপ্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানো গেলেই রাজস্ব আহরণ নিশ্চিত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মতে সুষ্ঠু ভাবে ব্যবসা করার লক্ষ্যে ব্যাংক সমূহকে স্ব–স্ব মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রয়োজন। ফলে দেশে জিডিপি বৃদ্ধিসহ মূল্যস্ফীতি কমবে বলে প্রত্যাশা করি। তবে নতুন বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর ফলে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে, যা গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

