নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা গ্রামের তরুণ ফেরদৌসের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মানব কল্যাণ যুব সংঘ।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় শোলাপ্রতিমা ক্লাব ঘরে সংগঠনটির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের উপদেষ্টা, সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন।
দোয়া মাহফিলে ফেরদৌসের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় তার বাবা নজু মিয়া উপস্থিত সবার কাছে ছেলের জন্য দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি, কেউ যদি ফেরদৌসের কাছে কোনো পাওনা বা দাবি রেখে থাকেন, তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তা জানানোর অনুরোধ জানান।
এ সময় শোলাপ্রতিমা বাজার বণিক সমিতির সভাপতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী মানব কল্যাণ যুব সংঘের এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মানব কল্যাণ যুব সংঘের সভাপতি সাদিক আহমেদ বলেন, “ফেরদৌস অত্যন্ত ভদ্র ও বিনয়ী একজন তরুণ ছিল। সবার সঙ্গে তার আন্তরিক সম্পর্ক ছিল। তার অকাল মৃত্যু আমাদের গভীরভাবে শোকাহত করেছে।”
সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল্লাহ ফাহাদের ছোট ভাই ছিলেন ফেরদৌস। এ কারণে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে উপস্থিত সবাই শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য এবং ফেরদৌসের রুহের মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিকেল প্রায় ৪টার দিকে সখীপুর-গড়াই সড়কের স্টেডিয়ামসংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন ফেরদৌস। তিনি উপজেলার শোলাপ্রতিমা গ্রামের নজু মিয়ার ছেলে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
–
“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
