রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির সফর ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ, প্রস্তত হচ্ছে নাগরিক সংবর্ধনা মঞ্চ।
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন। তার আগমনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে চলছে নানা আয়োজন। রাঙিয়ে তোলা হচ্ছে শহরের সড়ক বিভাজক (ডিভাইডার) ও বিভিন্ন স্থাপনা। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তত করা হচ্ছে নাগরিক সংবর্ধনা মঞ্চ।
সফরসূচি অনুযায়ী আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দুই দিন নিজ জেলা ঠাকুরগাঁও সফর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের প্রথম দিন রাষ্ট্রপতির বাবা-মায়ের কবর জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
রাষ্ট্রপতির সফর ঘিরে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও অনুষ্ঠানস্থলে বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি। রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে এসে নিরাপত্তা প্রস্তুতি শুরু করেছেন।
রাঙিয়ে তোলা হচ্ছে শহরের সড়ক বিভাজক (ডিভাইডার) ও বিভিন্ন স্থাপনা।
রাষ্ট্রপতির সফর ঘিরে সড়কের বিভাজকগুলো রাঙানো হচ্ছে। পরিষ্কার করা হচ্ছে সড়কের পাশের বিভিন্ন এলাকা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়ক আরও দৃষ্টিনন্দন করে তুলতে প্রস্তুতি চলছে। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। স্থানীয়রা বলছেন, রাষ্ট্রপতি আমাদের জেলার সন্তান। তিনি রাষ্ট্রপতি হয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
রাষ্ট্রপতির প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে নাগরিক সংবর্ধনা। আয়োজকরা বলছেন, দল-মত নির্বিশেষে এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ থাকবে। সংবর্ধনা সফল করতে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্টরা।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. মুহাম্মদ আবু খয়রুল কবির বলেন, রাষ্ট্রপতির প্রথম সফর ঘিরে ঠাকুরগাঁওয়ের মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে। দল-মত নির্বিশেষে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আমরা আশা করছি। সংবর্ধনা সফল করতে আমাদের প্রস্তুতি চলছে।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন বলেন, রাষ্ট্রপতির সফর ঘিরে জেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদারের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, যাতায়াতের সড়ক ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুরো শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে।
রংপুর সংবাদ/


