রাঙ্গুনিয়ার সন্ত্রাসী হামলায় গাউসিয়া কমিটির নেতার মৃত্যু – দৈনিক আজাদী

রাঙ্গুনিয়ার সন্ত্রাসী হামলায় গাউসিয়া কমিটির নেতার মৃত্যু – দৈনিক আজাদী





রাঙ্গুনিয়া উপজেলায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর প্রবীণ সমাজসেবক মুহাম্মদ সাইদুর রহমান তালুকদার (৭৫) মারা গেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা ছনাগাজী তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি সরফভাটা ইউনিয়ন গাউসিয়া কমিটি বাংলাদেশের সভাপতি, রাঙ্গুনিয়া-সরফভাটা নেছারিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার দাতা সদস্য ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর জঙ্গল সরফভাটা পাহাড়ে নিজের বাগান দেখতে গেলে চিহ্নিত কিছু দুষ্কৃতকারী তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় এর আগে থানায় কেউ কোনো অভিযোগ দেননি। তবে মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ লাশ উদ্ধারের জন্য গেলে স্বজনরা আগেই জানাজার প্রক্রিয়া সম্পন্ন করেন। পরবর্তীতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদন করা হলে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মরহুমের প্রথম জানাজার নামাজ রোববার বাদ জোহর চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বাদ মাগরিব ও বাদ এশা পশ্চিম সরফভাটা হযরত আবদুল হামিদ শাহ্ (রহঃ) ঈদগাহ ময়দানে তার পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছে।




Explore More Districts