রাউজানে আ.লীগ সমর্থকের বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ – দৈনিক আজাদী





চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত পাঁচ বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৩, ৬, ৭ ও ৮নং ওয়ার্ডে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, রাউজান পৌরসভার ৮নম্বর ওয়ার্ডে রাউজান পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ৮নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির সংগঠক ইমতিয়াজ জামাল নকিব, ৩ নম্বর ওয়ার্ডের গহিরা মাইজ পাড়ার মিনহাজুল আবেদীন মুন্না, ৬নং ওয়ার্ডের গণি বাড়ির সাকিব আবদুল্লাহ ও মোজাম্মেল হক লিটন, ৮নং ওয়ার্ডের মো. নুরান এবং ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আরফাতের বসতঘরে হামলা ও ভাঙচুর চালানো হয়।

হামলার সময় সংগঠক ইমতিয়াজ জামাল নকিবের ভাগনি ওয়াজিহা হাতে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য বলেন, রাতে হাঠাৎ কয়েকটি মোটরসাইকেলের শব্দ পায়। একাধিক মোটরসাইকেল নিয়ে কিছু যুবক হামলা চালিয়েছে। আমরা কার কাছে বিচার দেবো? আল্লাহ’র কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। যাতের ঘরে হামলা চালানো হয়েছে তারা কোনো অপরাধী নয়, গত রাতে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কণ্ঠস্বর তুলে ধরার কারণে তাদের বাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। কেউ লিখিত বা মৌখিকভাবে অভিযোগ করেনি।




Explore More Districts