চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কর্ণফুলী নদীর পাড়ে বালু ও পাতা দিয়ে চাপা দেওয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রুপন নাথ (৩৭)। তিনি উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাথপাড়ার বাসিন্দা ননী গোপাল নাথের ছেলে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাউজানের যুগীপাড়া বোটঘাটা এলাকায় কর্ণফুলী নদীর তীরে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাছের নিচে গাছের কিছু টুকরোর পাশে রুপনের মরদেহ পড়ে ছিল। মাথা ছিল বালুর নিচে চাপা, শরীরটি পাতা দিয়ে ঢাকা ছিল। লাশের পাশে একটি রশিও পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের আলামত হিসেবে ধারণা করছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কীভাবে হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
ঘটনার পর স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তদন্তে বেরিয়ে আসতে পারে হত্যার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয়।
এমজে/সিটিজিনিউজ

