চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের মোহছেন আউলিয়া সড়কের পাশে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার কালীবাড়ি এলাকায় সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায় তাকে।
স্থানীয়রা জানান, বৃদ্ধাটি দীর্ঘদিন ধরে এলাকা ঘুরে বেড়াতেন এবং মানসিক ভারসাম্যহীন বলে পরিচিত ছিলেন। তারা জানান, সম্প্রতি তাকে অসুস্থ অবস্থায়ও দেখা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “স্থানীয়দের তথ্য অনুযায়ী, অসুস্থতার কারণেই বৃদ্ধাটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, স্থানীয়দের উদ্যোগে বৃদ্ধার দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে।
মরদেহ শনাক্ত বা তার পরিবার সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এমজে/সিটিজিনিউজ

