রসিকের উন্নয়নে ১৮১৩ কোটি টাকার প্রকল্প অনুমোদন, রংপুরে আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার।
রংপুর মহানগরীর অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসনে মোট এক হাজার ৮১৩ কোটি টাকারও বেশি দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে এক হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ টাকার প্রকল্প রয়েছে।
প্রকল্প দুটি একনেক সভায় অনুমোদিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে রংপুর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে রংপুর সিটি করপোরেশন (রসিক) চত্বরে আনন্দ মিছিল শেষে নগরীর বিভিন্ন সড়কে সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। পরে সিটি করপোরেশন চত্বরে কৃতজ্ঞতা সমাবেশ করে তারা সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি ছাড়াও সাধারণ শ্রেণি-পেশার অনেকেই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং সিটি করপোরেশনের প্রশাসককে অভিনন্দন জানিয়ে বরাদ্দকৃত অর্থে যথাযথভাবে উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানিয়েছেন।
রাত ৮টার দিকে রংপুর মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে নগরীতে আনন্দ মিছিল করেছে। মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। পরে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
এতে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ্ নেওয়াজ লাবু বক্তব্য দেন।
এর আগে বিকেলে নগরীর বেতপট্টি এলাকায় সামাজিক সংগঠন ‘স্বপ্নের রংপুর আর-৩৩’-এর উদ্যোগে আনন্দ মিছিল শেষে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, রংপুর মহানগরীর দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা, সড়ক যোগাযোগের উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে অনুমোদিত প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রংপুর সিটি করপোরেশনকে আধুনিক, সুন্দর, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে।
তিনি আরও বলেন, রংপুরের মানুষের উন্নয়ন ও কল্যাণের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং রংপুরের উন্নয়নে এত বড় প্রকল্প অনুমোদনের জন্য তার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
রসিক প্রশাসক মাহফুজ উন নবী বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় অনুমোদিত প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে রংপুর মহানগরীর উন্নয়নে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে, ইনশাআল্লাহ। তিনি রংপুরের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সচেতন নগরবাসীসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বলছেন, একনেকে বরাদ্দ হওয়া এই অর্থ রংপুর সিটি করপোরেশন এলাকার উন্নয়নে নতুনমাত্রা যোগ করবে। নতুন সরকারের কাছ দ্রুত সময়ের মধ্যে এ ধরনের প্রকল্প অনুমোদন নগরবাসীর জন্য আনন্দের।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রংপুর জেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক, ড্রেনেজ, অবকাঠামো ও নাগরিক সেবার ক্ষেত্রে নানা ধরনের উন্নয়ন চাহিদা রয়েছে। বৃহৎ এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগ কমবে এবং সেবার মান আরও বাড়বে।
প্রসঙ্গত, বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে রংপুর সিটি করপোরেশনের দুটিসহ মোট ১৩টি প্রকল্পের প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
অনুমোদিত এই অর্থায়নের মধ্যে সরকারি খাত থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা জোগান দেওয়া হবে। পাশাপাশি প্রকল্প ঋণ হিসেবে মিলবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের তহবিল থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করবে।

