যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তান – DesheBideshe

যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তান – DesheBideshe



যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ এখনো চূড়ান্ত হয়নি: পাকিস্তান – DesheBideshe

ইসলামাবাদ, ১৬ এপ্রিল – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারিত হয়নি বলে জানিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এক সাপ্তাহিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের আলোচনার বিষয়বস্তুর মধ্যে পরমাণু ইস্যুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে আলোচনার গোপনীয়তা রক্ষায় এই মুহূর্তে তেহরান বা সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

তাহির আন্দ্রাবি বলেন, উচ্চপর্যায়ের গোপনীয়তা এবং পারস্পরিক আস্থা বজায় রেখে এই আলোচনা এগিয়ে চলছে। আমাদের জন্য আলোচনার বিষয়বস্তু সুরক্ষিত রাখা অপরিহার্য।

প্রতিনিধি দলের আকার বা সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি সম্পূর্ণ সংশ্লিষ্ট পক্ষগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। এছাড়া লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। পাকিস্তান মনে করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য লেবাননে শান্তি বজায় থাকা অত্যন্ত জরুরি।

গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ফলপ্রসূ না হওয়ায় পাকিস্তান বর্তমানে উভয় পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বর্তমানে রিয়াদ, দোহা এবং ইস্তাম্বুল সফর করছেন। পাশাপাশি সেনাপ্রধান সৈয়দ অসীম মুনিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তেহরান সফর করছে।

গত ৮ এপ্রিল শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার পথে রয়েছে। বর্তমান পরিস্থিতি ক্রমশ নাজুক হয়ে উঠলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে পারে। উভয় পক্ষই মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করছে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬



Explore More Districts