
তেহরান, ১৮ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচিত দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হওয়ার পরপরই পারস্য উপসাগরীয় অঞ্চলে ইতিবাচক প্রভাব দেখা দিয়েছে। মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের পর হরমুজ প্রণালি দিয়ে ইরানের ১১টি বাণিজ্যিক জাহাজ চলাচল শুরু করেছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে শান্তি সমঝোতার খসড়া চূড়ান্ত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জাহাজগুলোর চলাচলের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে আটটি পণ্যবাহী জাহাজ ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করেছে। একই সময়ে আন্তর্জাতিক নৌপথ থেকে তিনটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে।
সমঝোতার শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরীয় অঞ্চলে ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ তুলে নেবে। এর বিনিময়ে ইরান আগামী ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে শুল্কমুক্ত ও নিরাপদ যাতায়াতের সুবিধা প্রদান করবে।
এনএন/ ১৮ জুন ২০২৬





