
তেহরান, ২২ মে – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির গুঞ্জনের মাঝেই ইরান সফরে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। শুক্রবার তেহরানের উদ্দেশে পাকিস্তান ত্যাগ করেন তিনি।
পাকিস্তানের এক জ্যেষ্ঠ কূটনীতিকের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম ইরনা এই তথ্য নিশ্চিত করেছে।
সফরে জেনারেল মুনির ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও ইরানে অবস্থান করছেন।
এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির কোনো জোরালো সম্ভাবনা তৈরি হলে জেনারেল আসিম মুনির তেহরান সফর করবেন। গত বৃহস্পতিবারই তার এই সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা শুক্রবার চূড়ান্ত হয়। বৃহস্পতিবার সফরটি হলে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করতেন বলে ধারণা করা হচ্ছিল।
অন্যদিকে সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া দাবি করেছিল যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি খসড়া চুক্তি আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঘোষিত হতে পারে। যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এনএন/ ২২ মে ২০২৬




