| ৬ September ২০২৬ Sunday ১২:৪০:০৮ AM | |
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল থেকে এসে রাজধানী ঢাকায় ঢোকার পর তীব্র যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই বিনাচিকিৎসায় মারা গেছেন আব্দুর রব সরদার (৬৭) নামে এক বৃদ্ধ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার হয়ে মহাখালীর কলেরা হাসপাতাল (আইসিডিডিআর’বি) পৌঁছানোর পথে তার মৃত্যু হয়।
তিনি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা এবং বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
নিহতের ছেলে রুবেল সরদার জানান, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তার বাবা হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা অ্যাম্বুলেন্সে করে ঢাকার মহাখালী আইসিডিডিআর’বি (কলেরা হাসপাতাল)-র উদ্দেশে রওনা হন।
তিনি অভিযোগ করে বলেন, হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় প্রবেশের পথে যানজটের কবলে পড়েন। মহাখালী যাওয়ার পথে একাধিক পয়েন্টে তীব্র যানজটের কারণে প্রায় দেড় ঘণ্টা আটকা পড়ে থাকে তাদের অ্যাম্বুলেন্সটি। দুপুর দেড়টার দিকে গাড়িটি যখন কলেরা হাসপাতালের গেটে পৌঁছায়, ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে বাবাকে বাঁচানো সম্ভব হতো বলে কান্নাজড়িত কণ্ঠে জানান তিনি।
এ বিষয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘রোগীর অবস্থা আশঙ্কাজনক থাকায় আমরা তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। তবে স্বজনরা ঝুঁকি নিয়ে তাকে সরাসরি ঢাকায় নিয়ে যান।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
| শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |
