মুলাদীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

৬ September ২০২৬ Sunday ১২:৩৩:০৪ AM

Print this E-mail this


মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের ফরাজী বাড়ির সামনে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় মামলা করা হয়েছে। 

সংঘর্ষে আহতরা হলেন চরকমিশনার গ্রামের মোহাম্মদ আলী ফরাজী (৪৫), তাঁর স্ত্রী হাফিজা বেগম (৩৮), মেয়ে রাবেয়া বেগম (২৩), দোকানি মাহবুব মৃধা (৫৫), তাঁর ভাই বাবুল মৃধা (৫৮) ও ছেলে ইমাম মৃধা (২২) এবং ফোরকান ফরাজী (৩৫), শামীম ফরাজী (৩৭), মুকুল আক্তার (৪০) ও মোশারেফ হোসেন ওরফে সেলিম ফরাজী। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরকমিশনার গ্রামে জমি নিয়ে মোহাম্মদ আলী ফরাজী ও মোশারেফ হোসেন ওরফে সেলিম ফরাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে মোহাম্মদ আলী বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। গত বুধবার সকালে মোশারেফ হোসেন ফরাজী, তাঁর ভাই ফোরকান ও শামীম ফরাজীসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করেন। তখন মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

অভিযোগ রয়েছে, গতকাল জুমার নামাজ শেষে মোহাম্মদ আলী বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ৮-১০ জন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলা থেকে বাঁচতে তিনি পাশের মাহবুব মৃধার দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা তাঁকে দোকান থেকে টেনে-হিঁচড়ে বের করে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। পরে মোহাম্মদ আলীর পক্ষের লোকজন এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় পৃথক মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts