যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল আটক

যশোরের ঘিবা ও বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা ও বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, ঘিবা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৭ নম্বর ঘিবা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টে পৃথক অভিযান চালিয়ে ৮৩টি শাড়ি, ১ দশমিক ৫ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ২০ প্যাকেট পাতার বিড়ি এবং ১১২টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, আটক করা মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ২৯ হাজার ২০০ টাকা।

আটক গাঁজার ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে তা বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts