যশোর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ১৭ বোতল বিদেশি মদ, ভারতীয় ৬৮ বোতল এসকাফ সিরাপ, ১৫টি শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।


