যশোর গভীর রাতেও জমজমাট বলুহ মেলা, জুয়া-মাদক বিক্রির অভিযোগ

নির্ধারিত সময়ের পরও গভীর রাত পর্যন্ত চলছে যশোরের চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলা। সন্ধ্যার পর মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়ার পাশাপাশি দোকানপাট, রাইড ও বিভিন্ন আয়োজন চলে রাত পর্যন্ত। তবে মেলার অনুমতিপত্রে রাত ৮টার মধ্যে কার্যক্রম শেষ করার শর্ত থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

জেলা প্রশাসনের অনুমতিতে ১৫ দিনের জন্য আয়োজিত এ মেলায় জুয়া, লাকি কুপন, র‌্যাফেল ড্র ও মাদক বিক্রি-সেবন নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মেলার আশপাশের নির্জন এলাকায় অনলাইন জুয়া, মাদক সেবনসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের সুযোগ তৈরি হয়েছে।

মেলায় আসা লায়লা খানম বলেন, সন্তানকে নিয়ে নদীর পাড়ের একটি বাথরুমে যাওয়ার সময় সেখানে কয়েকজন তরুণ-তরুণীকে অনাকাঙ্ক্ষিত অবস্থায় দেখতে পান। তার স্বামী ইউনুস মিয়া বলেন, নদীর পাড়ে অল্প বয়সী কয়েকজনকে অনলাইন জুয়া খেলতে দেখা গেছে।

এদিকে মেলা প্রাঙ্গণে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম, বিদ্যালয়সংলগ্ন এলাকায় রাইড ও স্টল এবং বিদ্যালয়ের ছাদে মাইকের হর্ন স্থাপনের অভিযোগ উঠেছে। এতে পাঠদানে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

হাজরাখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ, আয়ান ও রাগীব জানায়, বিদ্যালয়ের ছাদে মাইক বসিয়ে উচ্চ শব্দ করায় শ্রেণিকক্ষে পড়াশোনায় সমস্যা হচ্ছে।

ওরশ ও মেলা পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন, রাতে মেলা বেশি জমজমাট হয়। অনেক মানুষ এক জায়গায় থাকলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে। এগুলো বন্ধে কমিটির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, জুয়া, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ বা তথ্য আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ পাঠানো হবে এবং এ ধরনের কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, নির্ধারিত সময়ের পর মেলা চলা এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের বিষয়টি তাঁর জানা ছিল না। খোঁজ নিয়ে মেলা কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। অনুমতিপত্রের সব শর্ত কঠোরভাবে মানতে হবে।

Explore More Districts