যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা

যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানি করার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কেশবপুর বাজারের ব্যবসায়ী আকাশ কুমার সাহা (৩০)। তিনি কেশবপুর আমলী আদালতে তিনজনের বিরুদ্ধে এ দুটি মামলা দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়,প্রথম মামলায় কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকার শংকর দত্ত (৪৫) ও তার ছেলে নয়ন দত্ত (২৬)কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৫ জুন বেলা দুইটার দিকে কেশবপুরের অনন্ত সড়কে বাদীর প্রতিষ্ঠান ‘প্রান্ত স্টোর’-এর গোডাউনের সামনে আসামিরা এক নারীকে কেন্দ্র করে বাদীর বিরুদ্ধে মানহানিকর ও মিথ্যা বক্তব্য প্রচার করছিলেন। এসময় প্রতিবাদ করলে তারা ক্ষিপ্ত হয়ে আকাশ কুমার সাহাকে কিল-ঘুষি ও লাথি মারেন।

মামলার অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে শংকর দত্ত ইট দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তার ডান হাতের কবজিতে গুরুতর জখম হয়। এছাড়া নয়ন দত্ত লোহার রড দিয়ে তার মাথার পেছনে আঘাত করে আহত করেন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০, ৩২৩, ৩০৭ ও ৫০৬(খ) ধারায় মামলা করা হয়েছে।

অপরদিকে দ্বিতীয় মামলায় একই এলাকার শংকরী সাহা (৫৭)কে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ১৪ জুন বেলা দেড়টার দিকে কেশবপুর সাহাপাড়ার অনন্ত সড়কে টিটু সাহার বাড়ির পেছনে শংকরী সাহা স্থানীয় লোকজনের কাছে এবং বাদীর স্ত্রীকে ফোন করে আকাশ কুমার সাহার বিরুদ্ধে এক নারীকে জড়িয়ে অনৈতিক কর্মকাণ্ডের মিথ্যা অভিযোগ প্রচার করেন।

বাদীর দাবি,পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে একই অভিযোগ পুনরায় উত্থাপন করা হলে সংশ্লিষ্ট নারী তা এর প্রতিবাদ করেন। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়েছে।

দুই মামলাতেই বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

Explore More Districts