যশোর উপশহর পুলিশ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আটক করে একই দিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়। আটকরা হলেন বিরামপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সুমন (২৩) এবং খয়েরতলা এলাকার বাহাদুর মণ্ডলের ছেলে আকরাম মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি উপশহর পুলিশ ক্যাম্পের সদস্যরা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। এ সময় প্রায় ৩০ থেকে ৩৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কারও বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, আবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেককে সাজা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযানে সুমন ও আকরামকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দিন সুমনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং আকরামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


