যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ

যশোরে ৭৮ এতিম শিশুর মাঝে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ

জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরের ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের ৪০০ এতিম শিশুকে সহায়তা প্রদানের কর্মসূচির অংশ হিসেবে যশোরের ৭৮ জন শিশু এ সহায়তা পায়।
অনুষ্ঠানে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি এতিম শিশুদের হাতে খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা তুলে দেন।

প্রতিটি শিশুকে তিন মাসের জন্য ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি দুধের গুঁড়া, ৩টি হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি বিস্কুটের জার, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল প্রদান করা হয়।
হাইজিন প্যাকে ছিল ৪টি টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৬টি গোসলের সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি পেট্রোলিয়াম জেলি, একটি চিরুনি ও একটি নেল কাটার। এছাড়াও প্রতিটি শিশুকে নতুন পোশাক, জুতা ও মোজা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা, কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এতিম শিশুদের পুষ্টি, স্বাস্থ্যবিধি ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ নিয়মিতভাবে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

Explore More Districts