যশোরে ৪৬ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

যশোরে ৪৬ লাখ টাকার সোনার বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের দুটি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার লাপসা এলাকার সাদিকুর রহমান সুমন (৩৩)। বিজিবি জানায়, তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকাও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের উদ্দেশ্যে এসব সোনার বার বহন করছিলেন।

বিজিবি জানায়, উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা। জব্দ করা মোবাইল ফোন ও নগদ অর্থসহ মোট জব্দকৃত মালামালের মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন,সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Explore More Districts