যশোরে শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন আটক

যশোরের অভয়নগরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আনিসুর (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটক আনিসুর ওই উপজেলার ভাঙ্গাগেট গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী শুভরাড়া গ্রামের নাসির মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিক্ষার্থীর চিৎকার শুনে স্থানীয় নিত্যানন্দ সরকার এগিয়ে যান। তিনি তখন একটি পানের বরজে কাজ করছিলেন। নিত্যানন্দ ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে আনিসুর সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আনিসুরকে হেফাজতে নিয়ে অভয়নগর থানায় যায়। পরে ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে অভয়নগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Explore More Districts