স্টাফ রিপোর্টার: যশোরের রূপদিয়া-চাঁচড়া এলাকায় সামাজিক সংগঠন টিম দূরান্তের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কর্মসূচির আওতায় সড়কের দুই পাশে ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
রোপণ করা গাছের মধ্যে রয়েছে সুপারি, দেবদারু ও তালগাছ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপদিয়া ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মনিরুজ্জামান মনির। এ সময় আরো উপস্থিত ছিলেন ১০নাম্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিম দূরান্তের সভাপতি শিমুল মণ্ডল।
এ সময় সংগঠনের সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সবুজ ও পরিবেশবান্ধব এলাকা গড়ে তুলতে ভবিষ্যতেও টিম দূরান্তের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

