যশোরে জমি বিরোধের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা, পাল্টা সংবাদ সম্মেলনে নাজমুলের অভিযোগ

পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট প্রেসক্লাব যশোরে করা অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন নাজমুল আকরাম রকি। বুধবার (১৯ আগস্ট) প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে ঝিকরগাছার বারবাকপুর গ্রামের নাজমুল আকরাম রকি বলেন, তার চাচাতো বোনের পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। জমির মালিকানা ও ভোগদখল নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

নাজমুল দাবি করেন, পৈতৃক সম্পত্তির অংশ নিয়ে বিরোধের জেরে গত ২১ জুলাই তিনি হামলার শিকার হন। এ ঘটনায় ২৫ জুলাই ঝিকরগাছা থানায় কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

তিনি বলেন, তার বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে করা অভিযোগের সুষ্ঠু তদন্ত প্রয়োজন। বিশেষ করে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও পক্ষপাতিত্বের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে নাজমুল জমির কাগজপত্র, রেকর্ড, নকশা, মামলা ও অন্যান্য প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা তুলে ধরার আহ্বান জানান। তিনি আইন নিজের হাতে না তুলে নিয়ে প্রশাসনের মাধ্যমে বিরোধের ন্যায়সঙ্গত সমাধান চান।

সংবাদ সম্মেলনে নাজমুলের মা আছিয়া বেগম, মেয়ে নাসরিনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Explore More Districts