যশোরে বাড়ি ভাঙচুরের প্রতিবাদ করায় জহির আলম (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার নাড়াঙ্গালী আন্দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জহির আলম ওই এলাকার আব্দুল হালিমের ছেলে। এ ঘটনায় একই এলাকার আল-আমিন (৪০) ও তাঁর ছেলে বাবু (২৫)-এর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বিকেলে অভিযুক্তরা অজ্ঞাত কারণে জহির আলমের বাড়ি ভাঙচুর করেন। পরে জহির মাঠ থেকে বাড়িতে ফিরে ভাঙচুরের কারণ জানতে অভিযুক্তদের কাছে গেলে তাঁরা ধারালো ছুরি দিয়ে তাঁর বাম কানে আঘাত করেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত জহিরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বাদী হয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

