যশোরে গাঁজাসহ মোটরসাইকেল আটক, আগুনে পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

যশোরে গাঁজাসহ মোটরসাইকেল আটক, আগুনে পুড়িয়ে দিল উত্তেজিত জনতা

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মন্ডলগাতি গ্রামে গাঁজা সরবরাহের অভিযোগে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করেন স্থানীয় লোকজন। পরে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দেয়াড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হোসেন জানান, মন্ডলগাতি গ্রামে মাদকের বিস্তার রোধে স্থানীয়ভাবে তাঁরা তৎপরতা চালিয়ে আসছেন। শুক্রবার রাতে বেনাপোলের দুই ব্যক্তি মন্ডলগাতি গ্রামের মতলেবের স্ত্রী মঞ্জুর কাছে গাঁজা সরবরাহ করতে আসেন বলে তাঁরা জানতে পারেন। এ সময় আব্দুল আলীম নামে একজনকে মোটরসাইকেলসহ আটক করা হয়। অন্য ব্যক্তি পালিয়ে যান।

সেলিম হোসেনের ভাষ্য অনুযায়ী, খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় শামীম নামে এক যুবক আলাদাভাবে কথা বলার কথা বলে আব্দুল আলীমকে পাশের একটি গলিতে নিয়ে যান। পরে শামীম একা ফিরে এলে স্থানীয় লোকজন আব্দুল আলীমের অবস্থান জানতে চান। জবাবে শামীম জানান, আব্দুল আলীম তাঁর পরিচিত হওয়ায় তাঁকে ছেড়ে দিয়েছেন।

এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলটির সঙ্গে এক কেজি গাঁজা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে, মাদক ব্যবসার অভিযোগে আলোচনায় আসা মঞ্জু দাবি করেছেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন; তাঁর স্বামী মতলেব এ ব্যবসা করেন। তবে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একটি মামলা রয়েছে বলে তিনি স্বীকার করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ীর মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Explore More Districts