যশোরে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন আটক

যশোরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ পাঁচজনকে আটকের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবির এসআই কামাল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শার্শার নাভারন বাজারের একটি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা হলেন—শার্শার বেরি পশ্চিমপাড়ার আকিজ উদ্দিনের ছেলে শাহিন হোসেন, ঝিকরগাছার মির্জাপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল হোসাইন এবং আব্দুল মালেকের ছেলে সবুজ সুলতান।

ডিবির দাবি, আটকের সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ডিবির এসআই সামিউল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরতলীর তরফ নওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মোশারফ আলী মোড়লের ছেলে। তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ডিবি।

এ ছাড়া শুক্রবার রাত ১০টার দিকে চৌগাছার আড়পাড়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালান ডিবির এসআই বাবলা দাস। এ সময় সোহাগ হোসেন তোতা নামে একজনকে আটক করা হয়। ডিবির দাবি, তার কাছ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক সোহাগ হোসেন তোতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া পূর্বপাড়ার শহিদুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Explore More Districts