যশোরে ২৪০ পিস ইয়াবাসহ রকি (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে শহরের মুজিব সড়ক রেলগেট এলাকার রেল কলোনির সামনে থেকে তাঁকে আটক করা হয়। রকি রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম বাবুলের ছেলে।
কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন হোসেন জানান, রেল কলোনি এলাকায় দুই ব্যক্তি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় রকিকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।
পরে রকির দেহ তল্লাশি করে তাঁর পরনে থাকা লুঙ্গির ডান কোচরে একটি নীল রঙের জিপার পলিথিনের ভেতর থেকে ২৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রকি জানিয়েছেন, তাঁর সঙ্গে রেলগেট পশ্চিমপাড়ার মুন্না ছিলেন। রকি আরও জানান, যশোর রেলগেট এলাকার শাহিন নামে এক ব্যক্তির কাছ থেকে পাইকারি দামে ইয়াবা কিনে শহরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন।
এ ঘটনায় আটক রকি ও পলাতক মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, রকির বিরুদ্ধে এর আগে হত্যা, মাদক, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন আইনে মোট নয়টি মামলা রয়েছে।


