যশোরে এক ব্যক্তিকে অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন বারান্দী মোল্লাপাড়ার লাল মিয়ার ছেলে জাকির হোসেন, তফসিডাঙ্গা গ্রামের মৃত আবুল কালামের ছেলে জাহাঙ্গীর হোসেন এবং নাজির শংকরপুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মারুফ হোসেন সুমন।
মামলা সূত্রে জানা গেছে, মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের রফিকুল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলার অপর আসামি তালাবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেন পলাতক রয়েছেন।
অভিযোগে বলা হয়, গত ২৩ এপ্রিল বিকেলে যশোর শহরের দড়াটানা মোড় থেকে রিকশাযোগে বাড়ি ফেরার পথে পুলেরহাট এলাকার আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে এসে রফিকুল ইসলামের পথরোধ করে। পরে তাঁকে জোর করে মোটরসাইকেলে তুলে যশোর কেন্দ্রীয় টার্মিনাল এলাকার একটি টিনশেড ঘরে নিয়ে আটকে রাখা হয়।
সেখানে তাঁকে ভয়ভীতি দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণভয়ে তিনি পরিচিতজনের মাধ্যমে টাকা জোগাড় করে আসামিদের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বিষয়টি জানাজানি হলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তিনি পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, ঘটনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। গত ৫ মে বিকেলে যশোর কালেক্টরেট মার্কেট এলাকা থেকে জাকির হোসেন ও মারুফ হোসেন সুমনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যায় পুলেরহাট এলাকা থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরদিন বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


