যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি ২০২৬ সালের বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করায় অন্তত ১২ জন শিক্ষার্থী বিপাকে পড়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় কেন্দ্র নং-৫৩১-এর ২০৬ নম্বর কক্ষে ২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শেষে এক শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরে শিক্ষকদের অবহিত করলে পরে আরও ১১ জন একই ভুল প্রশ্নে পরীক্ষা দিয়েছে বলে জানা যায়।
ভুক্তভোগীদের মধ্যে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৫ জন এবং সেতাই এসিআই মাধ্যমিক বিদ্যালয়ের ৭ জন শিক্ষার্থী রয়েছে। এতে তাদের ফলাফল ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনা জানাজানি হলে কেন্দ্রের পরিবেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্র ত্যাগ করতে বলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রের হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, “একই কক্ষে একই বিষয়ের দুটি ভিন্ন প্রশ্নপত্র কীভাবে এলো, তা নিয়ে আমরা বিভ্রান্ত। বিষয়টি শিক্ষা বোর্ডকে জানানো হবে।”
শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ১২ জন শিক্ষার্থীর উত্তরপত্র পৃথক করে যশোর শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

