ধর্মমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী – DesheBideshe

ধর্মমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী – DesheBideshe



ধর্মমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী – DesheBideshe

ঢাকা, ২৩ এপ্রিল – ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে অবশেষে সৌদি আরবে আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী বাংলাদেশে ফিরেছেন। মাস্ক হজ গ্রুপ নামক একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই যাত্রীরা পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন।

বৃহস্পতিবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ মার্চ ওমরাহ পালনের জন্য দেশ ত্যাগ করেন এই যাত্রীরা। ৫ এপ্রিল তাদের ফেরার কথা থাকলেও সংশ্লিষ্ট এজেন্সি রিটার্ন টিকিট সরবরাহ করতে ব্যর্থ হয়। এর ফলে তাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে এবং গত ১৮ এপ্রিল তাদের ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

জেদ্দার বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করলে ধর্মমন্ত্রী তাৎক্ষণিকভাবে আটকে পড়া যাত্রীদের দেশে ফেরাতে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

মন্ত্রীর নির্দেশনায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ভুক্তভোগী ওমরাহ যাত্রীদের হোটেলে গিয়ে সাক্ষাৎ করেন। তারা এজেন্সির সঙ্গে যোগাযোগ করে দ্রুত টিকিট নিশ্চিত করেন। বৃহস্পতিবার ওমরাহ যাত্রীদের সর্বশেষ দলটি দেশে ফেরার কথা রয়েছে।

এই প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, জেদ্দা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. কামরুল ইসলাম ও কনস্যুলার এএসএম সায়েম। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিমানবন্দরে যাতে যাত্রীরা কোনো আইনি জটিলতায় না পড়েন সে লক্ষ্যে সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিশেষ চিঠি পাঠিয়েছিল জেদ্দা হজ অফিস।

উল্লেখ্য যে গত মাসেও একই এজেন্সির অধীনে যাওয়া যাত্রীরা এ ধরনের সমস্যায় পড়েছিলেন এবং তখনও ধর্মমন্ত্রীর হস্তক্ষেপে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছিল।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬



Explore More Districts