মহিলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী পোস্ট অফিসে আর্থিক প্রতারণার অভিযোগে স্মারকলিপি প্রদান |

মহিলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী পোস্ট অফিসে আর্থিক প্রতারণার অভিযোগে স্মারকলিপি প্রদান |

মহিলা পরিষদের উদ্যোগে রাজবাড়ী পোস্ট অফিসে আর্থিক প্রতারণার অভিযোগে স্মারকলিপি প্রদান |

রাজবাড়ী বার্তা ডট কম  ঃ

বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের সঙ্গে সংঘটিত কথিত আর্থিক প্রতারণার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে।
সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত ও সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখার নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ে সংগঠনের সদস্যসহ কয়েকজন ভুক্তভোগী নারী অভিযোগ নিয়ে আসেন। অভিযোগ অনুযায়ী, রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন গ্রামের নারী-পুরুষ নিরাপদ সঞ্চয়ের আশায় রাজবাড়ী প্রধান ডাকঘরে ফিক্সড ডিপোজিট (এফডি) করতে গেলে ক্যাশ কাউন্টার থেকে তাদের লেটার রাইটার শিহাবের কাছে পাঠানো হয়। সেখানে জাতীয় পরিচয়পত্র, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে টাকা গ্রহণের পর একটি স্লিপ দেওয়া হলেও পরবর্তীতে তাদের কোনো পাসবই দেওয়া হয়নি।
স্মারকলিপিতে আরও বলা হয়, সার্ভারের সমস্যার কথা বলে গ্রাহকদের বারবার অপেক্ষা করতে বলা হয়। কিন্তু দীর্ঘদিন পরও পাসবই না পেয়ে তারা ডাকঘরে গিয়ে জানতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি শিহাবকে আর পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের নেতৃবৃন্দ বলেন, রাজবাড়ী প্রধান ডাকঘরের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এ ধরনের প্রতারণার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অনেক ভুক্তভোগী দীর্ঘদিনের সঞ্চিত অর্থ পোস্ট অফিস থেকেই তুলে আবার পোস্ট অফিসেই এফডি করেছিলেন। ফলে এসব অসহায় মানুষের অর্থ দ্রুত ফেরত দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন।
স্মারকলিপিতে পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের আমানতের অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
স্মারকলিপির অনুলিপি রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারের কাছেও প্রদান করা হয়েছে।

Explore More Districts