বাতিঘরে বন্দী, নিজের সঙ্গেই যুদ্ধ
প্যাটিনসনের অভিনয়জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ সিনেমা ‘হাই লাইফ’ (২০১৮)। ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের এই সায়েন্স ফিকশন ছবিতে তিনি মহাকাশে পাঠানো এক বন্দীর চরিত্রে অভিনয় করেন। পৃথিবী থেকে অনেক দূরে, এক মহাকাশযানে মানুষের অস্তিত্ব, নিঃসঙ্গতা, যৌনতা ও নৈতিকতার জটিল প্রশ্ন উঠে আসে ছবিতে। প্রচলিত বিনোদনধর্মী সিনেমার চেয়ে এটি ছিল অনেক বেশি পরীক্ষামূলক।
এরপর ২০১৯ সালে রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’। এই সিনেমা প্যাটিনসনের অভিনয়জীবনের অন্যতম আলোচিত কাজ। উইলেম ডাফোর সঙ্গে অভিনয় করেছেন তিনি। গল্পে দুজন বাতিঘরের কর্মীকে একটি নির্জন দ্বীপে দায়িত্ব পালন করতে দেখা যায়। ধীরে ধীরে তাঁদের মধ্যে তৈরি হয় অবিশ্বাস, দ্বন্দ্ব ও মানসিক অস্থিরতা। একপর্যায়ে বাস্তবতা আর কল্পনার সীমারেখাও অস্পষ্ট হয়ে যায়।
সাদা-কালো দৃশ্য, অস্বস্তিকর পরিবেশ, অদ্ভুত সংলাপ আর দুই অভিনেতার তীব্র অভিনয় ছবিটিকে অন্য মাত্রা দেয়। প্যাটিনসন এখানে নিজেকে এমনভাবে ভেঙেছেন, যা ‘টোয়ালাইট’–এর দর্শকদের কাছে প্রায় অচেনা। তাঁর অভিনয়ে ছিল শারীরিক অস্থিরতা, ভয়, উন্মাদনা ও ক্রমে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অনুভূতি।
এ সময়ের কাজগুলো দিয়ে তিনি বুঝিয়ে দেন, জনপ্রিয়তা ধরে রাখার চেয়ে অভিনয়ের নতুন সম্ভাবনা খুঁজে বের করাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
আবার বড় পর্দায়, তবে আগের চেয়ে আলাদা
স্বাধীন ধারার সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করার পর প্যাটিনসন আবার বড় বাজেটের ছবিতে ফেরেন। তবে এবার আর শুধু জনপ্রিয় তারকার পরিচয়ে নয়, অভিনয়শিল্পী হিসেবে নিজের দক্ষতা প্রমাণের আত্মবিশ্বাস নিয়ে।
২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় নীল চরিত্রে অভিনয় করেন। সময়ের বিপরীতমুখী যাত্রা, গুপ্তচরবৃত্তি ও জটিল বৈজ্ঞানিক ধারণার ওপর নির্মিত এই সিনেমায় জন ডেভিড ওয়াশিংটনের পাশাপাশি নজর কাড়েন প্যাটিনসন। তাঁর চরিত্রটি রহস্যময়, বুদ্ধিদীপ্ত ও রসবোধসম্পন্ন। বিশেষ করে সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নেয়।
