
নয়াদিল্লি, ৪ জুন – ঘরের মাঠে তিন মাস আগে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদব বড় এক ধাক্কা খেতে যাচ্ছেন। আগামীতে আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ থাকলেও এর আগেই সূর্যকুমারের কাছ থেকে নেতৃত্বভার সরিয়ে নেওয়া হচ্ছে। এমনকি ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডেও তার জায়গা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বিসিসিআইয়ের এক মুখপাত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে। নতুন ক্রিকেট চক্রের কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচক কমিটির সঙ্গে পরামর্শ করে নতুন অধিনায়ক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
জানা গেছে, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচক কমিটির যৌথ বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সূর্যকুমারের নেতৃত্বে ভারত বিশ্বকাপ জিতলেও তার বর্তমান অফফর্ম এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে দল পুনর্গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
৩৫ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান কেবল অধিনায়কত্বই হারাচ্ছেন না, দল থেকেও বাদ পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, সূর্যকুমারকে খুব শীঘ্রই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে।
আগামী ২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলবে ভারত। এই দুই সিরিজের দলেই তার থাকার সম্ভাবনা ক্ষীণ।
দীর্ঘদিন ধরেই সূর্যকুমারের ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। ২০২৬ সালের আইপিএলেও তার পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ওই আসরে ১৩ ইনিংসে মাত্র ২০ দশমিক ২৭ গড়ে তিনি ২৭০ রান করেছিলেন, যেখানে মাত্র একটি অর্ধশতক ছিল।
এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মা অবসর নিলে সূর্যের কাঁধে নেতৃত্বের ভার তুলে দেওয়া হয়েছিল। তবে গত মার্চে এক সাক্ষাৎকারে সূর্যকুমার নিজের ফর্ম নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে অধিনায়ক হিসেবে দলের জয়ে অবদান রাখাই তার কাছে প্রধান লক্ষ্য।
তবে বর্তমান প্রেক্ষাপটে তার সেই আত্মবিশ্বাস আর জাতীয় দলের টিকিটের জন্য যথেষ্ট হচ্ছে না।
এনএন/ ৪ জুন ২০২৬




