
ঢাকা, ৫ জুলাই – বিশ্বের দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী নয়া দিল্লি। বায়ুমান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, এদিন নয়া দিল্লির বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২২৭।
একই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৫তম। বর্তমানে ঢাকার বায়ুমান সূচক ৭১, যা বায়ুমণ্ডলের মানদণ্ড অনুযায়ী মাঝারি বা সহনীয় হিসেবে গণ্য করা হয়।
রোববার সকালে প্রকাশিত আইকিউ এয়ারের প্রতিবেদনে দেখা যায়, বায়ুদূষণে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। শহরটির দূষণ সূচক ১৭২ রেকর্ড করা হয়েছে।
এছাড়া ১৬৭ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে কঙ্গোর রাজধানী কিনশাসা এবং ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। কিনশাসার স্কোর ১৬১ এবং জাকার্তার স্কোর ১৩৯ রেকর্ড করা হয়েছে।
বায়ুমান সূচকের মানদণ্ড অনুসারে, কোনো শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বলে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া সূচক ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। কোনো শহরের স্কোর ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তা অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।
এনএন/ ৫ জুলাই ২০২৬




