নাজমুল হক প্রধানের ভাষ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পরে আবার একটি মুক্ত গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের সুযোগ এসেছিল; কিন্তু সেই সুযোগ ফিকে হয়ে যাচ্ছে। মব সন্ত্রাস ও ভিন্নমতের মানুষের ওপর হামলার ঘটনায় অভ্যুত্থানের চেতনা ক্ষুণ্ন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। কবিতা পরিষদকে প্রগতিশীলতার ঝান্ডা উঁচিয়ে এই প্রতিক্রিয়াশীলদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সাম্যবাদী আন্দোলনের নেতা বেলাল চৌধুরী বলেন, গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন হয়নি। জনগণের আকাঙ্ক্ষার পরিপূরক নয়, এমন সব চুক্তি করা হচ্ছে, সামরিক জোটে যোগ দেওয়া হচ্ছে। বৈষম্য ফিরে আসছে। দুর্নীতি, উগ্রপন্থা মাথাচাড়া দিচ্ছে। এসব কর্মকাণ্ড জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি।
বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান মানুষের মধ্যে সাহস ও ঐক্যের বোধ সৃষ্টি করেছে। সেই চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার আলোকে একটি উদার ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
